( আব্দুল রহমান রিমন )
শাজাহানপুর, বগুড়া প্রতিনিধি ;
বগুড়ার শাজাহানপুরে শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক নামে এক কলেজছাত্রের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দুইটি ছুরি উদ্ধার করা হয়েছে। ৪০০ টাকা নিয়ে বন্ধুদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার(০৭ ফেব্রুয়ারী) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরাফত ইসলাম এ তথ্য জানান।
এর আগে, গত রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর যাদবপুরের মাঝামাঝি জংলাপুকুর এলাকায় জনৈক আব্দুস সামাদের একটি ভুট্টাক্ষেত থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়। শনিবার রাতে তাকে গলা ও পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়। নিহত আশিক একই ইউনিয়নের পরাণবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম বাবুলের ছেলে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় রোববার রাতে নিহতের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। হত্যাকাণ্ডে মোট চারজন জড়িত রয়েছেন বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার আমরুল ইউনিয়নের পরানবাড়ীয়া পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে মোঃ কাউছার (২২), একই ইউপির ঝালোপাড়া গ্রামের আঃ খালেক এর ছেলে মোঃ মাহমুদুল (২০) এবং নগরহাট রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মোঃ সাহান (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম জানান, নিহত শাহরিয়ার ইসলাম রিয়াজ(আশিক) আসামী কাউছারকে একটি কাজ করে দেয়ার বিনিময়ে মাত্র ৪০০ টাকা প্রদান করে। কিন্তু আসামী কাউছার কাজটি না করলে আসামীর কাছে উক্ত টাকা ফেরত চায়। কিন্তু আসামী কাউছার উক্ত টাকা আসামী মাহমুদুলের নিকট রাখে। আসামী মাহমুদুল উক্ত টাকা খরচ করে ফেলে। আসামী কাউছার টাকা দিতে তালবাহানা করে এবং ভিকটিম তার এক কথিত এলাকার বড় ভাইকে দিয়ে আসামী কাউছার ও সাহানকে টাকাটা ফেরত দেয়ার চাপ সৃষ্টি করলে আসামীরা অপমানিত বোধ করে। এছাড়াও হত্যাকান্ডের দুইদিন পূর্বে উক্ত টাকা চাওয়া কে কেন্দ্র করে নিহত আশিক ও আসামী কাউছারকে মারধর করার উপক্রম পরিবেশ তৈরী করে। এসব কারনে তারা রাগান্বিত হয়ে অন্যান্য আসামীদের সাথে পরামর্শ করে হত্যার পরিকল্পনা করে। তারা ঐ ভুট্টাক্ষেতে আশিককে ডেকে নিয়ে হত্যা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন গ্রেফতারকৃত তিনজন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে ।

Comments
Post a Comment
দৈনিক আমাদের মুক্ত'কণ্ঠ